Collector
Giriş Yap
পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল | Collector
পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল

পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল। লাইনচ্যুত ট্রেন উদ্ধার এবং রেললাইন পর্যবেক্ষণ শেষে বুধবার দুপুরের পর থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি উদ্ধারে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক পলাশ ব্যানার্জি বলেন, উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত হয়ে আটকা পড়ায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে রিলিফ ট্রেনের একটি অংশ ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করা সম্ভব হয়। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জাগো নিউজকে বলেন, প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চলাচল স্বাভাবিক হওয়ার পর দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন এ রুট দিয়ে গন্তব্যে গেছে। বর্তমানে তিস্তা এক্সপ্রেসও এ পথে চলাচল করছে। তিনি আরও বলেন, উদ্ধারকাজ সম্পন্ন এবং রেললাইন নিরাপদ ঘোষণা করার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম

Go to News Site