Collector
Giriş Yap
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগার থেকে হাসিনা-মুজিবের বই জব্দ | Collector
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগার থেকে হাসিনা-মুজিবের বই জব্দ

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ পাঠাগার থেকে হাসিনা-মুজিবের বই জব্দ

রাজশাহী মহানগর ছাত্রদলের দাবির মুখে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ পাঠাগার থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত বই জব্দ করেছে জেলা প্রশাসন। পাঠাগারে তল্লাশি চালিয়ে প্রায় তিনশ বই জব্দ করা হয়।বুধবার (১০ জুন) দুপুর আড়াইটায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই বই জব্দের ঘটনা ঘটে। এর আগে বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থানরত ভ্রাম্যমাণ পাঠাগারে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে লেখা বই পাওয়ায় বাসটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠাগারে তল্লাশি করে বইগুলো জব্দ করেন। জানা গেছে, বই জব্দের সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে শেখ মুজিব ও স্বৈরাচারী হাসিনার বয়ান সংশ্লিষ্ট কোনো গ্রন্থ, সাময়িকী বা প্রবন্ধ রাখা হবে না মর্মে মুচলেকা দেয়া হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, বুধবার ছাত্রদলের নেতাকর্মীরা ভ্রাম্যমাণ পাঠাগারে বই পড়তে যান। এ সময় বাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বই পাওয়া গেলে বাসটিকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়। আরও পড়ুন: নতুন প্রজন্মকে বইমুখী করতে চান প্রধানমন্ত্রী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন বলেন, ‘স্বৈরাচার পতনের পর তাদের বই পাওয়া মানে সর্ষের মধ্যে ভূত রয়েছে। একটি গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বইগুলো জব্দ এবং দোষীদের শাস্তি চাই।’ এ বিষয়ে ভ্রাম্যমাণ পাঠাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ‘রাজশাহীতে বই রাখার জায়গা না থাকায় বইগুলো গাড়ির মধ্যেই ছিল। তবে এগুলো কাউকে পড়তে দেয়া হতো না।’ বই জব্দ করার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদফতর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশব্যাপী এই ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রমটি প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রেখে আসছে।

Go to News Site